ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে আগুনে তিন ক্রোকারিজ দোকান পুড়ে ভস্মীভূত, কয়েক কোটি টাকার ক্ষতি

ads

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের তিনটি ক্রোকারিজের দোকানে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ পান বাজার এ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্থ্যরা ব্যবসায়ীরা হলেন, মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।


স্থানীয়রা জানান, গোয়ালন্দ বাজারের মো. খোকন মন্ডলের ক্রোকারিজের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশে আরো দু’টি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে প্রথমে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাজবাড়ী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিয়ট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ভয়াবহতায় বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা তাদের দোকান থেকে দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দেয়া পানিতে পাশের চাউল বাজারের বিভিন্ন চালের আড়তের শত শত বস্তা চাউল ভিজে নষ্ট হয়ে গেছে বলে চাউল ব্যবসায়ীরা জানান।


ক্ষতিগ্রস্থ ক্রোকারিজ ব্যবসায়ী মো. খোকন মন্ডল জানান, প্রতিদিনের মতো তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বাড়িতে যাওয়ার পর তিনি তার দোকানে আগুন লেগেছে বলে জানতে পারেন। দ্রুত তিনি বাজারে এসে চোখের সামনে তার দোকান পুড়ে যাওয়া দেখেন। তিনি দাবি করেন, তার দোকানে নগদ ৫০ লক্ষাধিক টাকা, ৪৫-৫০ লক্ষাধিক টাকার মালামাল ও ১৩-১৪ ভরি স্বর্ণ সহ অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমার সবকিছু শেষ, আমি এখন নিঃস্ব হয়ে গেলাম ! 


আরেক ব্যবসায়ী লুৎফর মন্ডল বলেন, তার দুই থেকে তিন লক্ষ টাকার ক্রোকারিজ মালামাল ও নগদ দুই লক্ষ টাকা ও দেড় শতাধিক এর উপরে জমির দলিল পুড়ে ছাই হয়ে যায়। তিনি ব্যবসায়ীর পাশাপাশি জমির মহুরির কাজ করতেন। হারুন মন্ডল নামের আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, তার দোকানে নগদ ৩ লক্ষ টাকা ও ১৫ লক্ষাধিক টাকার মালামাল পড়ে ছাই হয়ে গেছে। 


গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া জানান, ভয়াবহ এই অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে ৩ জন ক্রোকারিজ ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসের পাশাপাশি অনেক চেস্টার পর আগুনে নিয়ন্ত্রণে এনেছি। তিনি আরও জানান, বাজারের আশেপাশে কোন পুকুর বা জলাশয় নেই, ৫ মিনিট আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের পানি শেষ হয়ে যায়, তারা আশপাশ থেকে পানি সংগ্রহ করতে পারেনি। পরে রাজবাড়ীর ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাজারে গোয়ালন্দ পৌরসভা থেকে যদি কোন পানি সেপটিক ট্যাংকের ব্যবস্থা করা থাকে তাহলে ভবিষ্যতে যেকোন দুর্ঘটনা মোকাবেলায় সহজ হবে।


অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম, বিএনপি নেতা সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।


রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় ৩০ মিনিট চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভাতে প্রায় দুই ঘন্টা লেগে যায়। এ কাজে গোয়ালন্দ ও রাজবাড়ীর ৫টি ইউনিট কাজ করে। তবে বাজারের মধ্যে ও আশপাশে পানির কোন উৎস না থাকায় তাদের বেশ বেগ পোহাতে হয়। প্রাথমিক ভাবে জেনেছি বিদ্যুৎতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো চেষ্টা করা হবে।

ads
ads
ads

Our Facebook Page